মাইক্রোসফটের বিভিন্ন সেবায় ব্যাপক বিভ্রাট দেখা দেওয়ায় আউটলুক ই-মেইল ও কর্মক্ষেত্রের বিভিন্ন অ্যাপ ব্যবহারে হাজারো ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার পর আউটলুক নিয়ে অভিযোগ প্রায় এক লাখ ৩০ হাজারে পৌঁছায়। ব্যবহারকারীরা ই-মেইল পাঠানো ও গ্রহণ করতে না পারার কথা জানান এবং কেউ কেউ ইনবক্সে প্রবেশও করতে পারেননি।
স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে। আউটলুকের পাশাপাশি কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট বলেছে, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়তে পারেন।
এক্সে দেওয়া বার্তায় মাইক্রোসফট জানায়, তাদের কিছু সার্ভার অকার্যকর হয়ে স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না, ফলে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়েছে। প্রতিষ্ঠানটি ট্রাফিক পুনর্বণ্টনের জন্য কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করছে এবং ক্ষতিগ্রস্ত সার্ভার ও সেবা পুনরায় চালু করছে। তবে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সময়সীমা জানানো হয়নি।
মাইক্রোসফট বিভ্রাটে আউটলুক, টিমস, কোপাইলট ও মাইক্রোসফট ৩৬৫ সেবা ব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।