রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যসংক্রান্ত ফেসবুক পোস্ট ও মন্তব্য নিয়ে বিরোধ থেকে ঘটনার সূত্রপাত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতি অনুযায়ী, ৪ অক্টোবর বিকেলে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার অভিযোগ ওঠে। পরে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের কক্ষে ভাঙচুর এবং রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ভিডিও ধারণের সময় সাংবাদিক সমিতির সদস্য জাহিদ ইসলামের মাথায় আঘাত করা হয় বলে জানানো হয়েছে; তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দ্য ডেইলি স্টারের প্রতিনিধি মৃদুল ইসলামকে গলা চিপে ধরে মারধরের অভিযোগও রয়েছে। এইচআরডিএস নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আহত সাংবাদিকদের চিকিৎসা ও নিরাপত্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা পর্যালোচনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।
রাবিতে সহিংসতা ও সাংবাদিক হামলার অভিযোগে তদন্তসহ পাঁচ দফা দাবি এইচআরডিএসের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।