বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তালিকাভুক্ত বি-ক্যাটাগরির কোম্পানিকেও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ সুযোগ পেতে কোম্পানিকে প্রতিবছর কমপক্ষে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে হবে এবং টানা পাঁচ বছর বি অথবা এর ওপরের এ ক্যাটাগরিতে থাকতে হবে। এই সময়ে ৫ শতাংশের কম লভ্যাংশ দিলে বা ক্যাটাগরির অবনমন হলে ডিজিটাল এজিএমের যোগ্যতা হারাবে কোম্পানি।
ভালো পারফরম্যান্স করা কোম্পানিকে উৎসাহ দেওয়া ও সাধারণ সভা আয়োজন সহজ করাই উদ্যোগটির উদ্দেশ্য বলে জানিয়েছে বিএসইসি। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, কয়েকটি শর্তে বি-ক্যাটাগরির কোম্পানিকে এই সুযোগ দেওয়ার বিষয়ে কাজ চলছে। তাঁর মতে, এটি বাস্তবায়িত হলে এজিএমের জটিলতা ও ব্যয় কমবে এবং নগদ লভ্যাংশ বিতরণে কোম্পানিগুলো উৎসাহিত হবে।
করোনাকালে ২০২০ সালের মার্চে ডিজিটাল এজিএম ও ইজিএমের সাময়িক অনুমতি দেওয়া হয়; ২০২১ সালের ১০ মার্চ হাইব্রিড সভা বাধ্যতামূলক হয়। ডিজিটাল সভায় ভোট, আগাম নিবন্ধন, প্রক্সি ভোট, সরাসরি সম্প্রচার ও ফল যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে। সভা শেষে ৪৮ ঘণ্টার মধ্যে যাচাইকৃত ফল কমিশনে জমা দিতে হবে।
যোগ্য বি-ক্যাটাগরির কোম্পানির জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল এজিএম বিবেচনায় বিএসইসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।