Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ কপ-৩১-এ পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলবে। বিশেষভাবে অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি ও জলবায়ু তহবিলের আবেদন-অনুমোদন প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হবে। উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার পানি, খাদ্য, স্বাস্থ্য, জীবিকা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা সীমিত রাখতে বিজ্ঞানভিত্তিক দ্রুত নির্গমন হ্রাসের পক্ষে অবস্থান নেবে। সম্মেলনস্থলে ১০০ বর্গমিটারের বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার ও নবায়নযোগ্য জ্বালানি তুলে ধরা হবে। প্যাভিলিয়নটি অভিজ্ঞতা বিনিময়, নীতি সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার কাজে ব্যবহার করা হবে; একটি জুট প্যাভিলিয়নও স্থাপন করা হবে।

09 Nov 26 1NOJOR.COM

কপ-৩১-এ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ, তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।