ইয়েমেনে সৌদি আরব নতুন করে হামলা চালালে দেশটির আরও গভীরে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে। তিনি জানান, হুথিরা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইয়াহিয়া সারির দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথিরা লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করলে তাদের ঠেকাতে সৌদি বিমান হামলা চালায়। এর পরই হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনায় সরাসরি হামলা শুরু করে।
গত মঙ্গলবার হুথিদের সবচেয়ে তীব্র হামলায় বিভিন্ন স্থানে ৭৩ জন বেসামরিক মানুষ আহত হন এবং কয়েকটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, হুথিদের কাছে হারানো পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। মারিবের গভর্নর সুলতান আল-আরাদা বলেন, সেনাদের পুনর্গঠন করা হচ্ছে এবং তারা শিগগিরই যুদ্ধক্ষেত্রে ফিরবে।
ইয়েমেনে হামলা হলে সৌদির গভীরে হামলার হুঁশিয়ারি হুথিদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।