বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাবু শিকদার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোরে পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা হামলাকারী শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বাবুর ভাই নাঈম হোসেন জানান, টোকাই মধু নামের এক কিশোর গ্যাং নিয়ন্ত্রক দীর্ঘদিন ধরে তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করছিল। বাবু চাঁদা দিতে রাজি না হওয়ায় ফজরের নামাজের আগে টোকাই মধুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় হাতকাটা রেদওয়ান, খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেয় বলে তিনি জানান। আহত বাবুকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে মাদক জড়িত। দুইজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদা না দেওয়ায় বরিশালে কিশোর গ্যাংয়ের হাতে মাছ ব্যবসায়ী নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।