প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী ‘ফ্যাসিবাদ’ আমলে অন্যান্য খাতের পাশাপাশি দেশের শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থা সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা এখন সময়ের দাবি।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণ বিকাশের সুযোগ তৈরির কথা বলেন।
অধ্যক্ষদের কলেজের প্রশাসনিক প্রধানের পাশাপাশি নেতা ও নৈতিক দিকদর্শক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষকদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে। শহর ও গ্রামে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।
বেকারত্ব কমাতে আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার আহ্বান তারেক রহমানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।