নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করায় সাংবাদিকদের নোটিশ দেওয়া হয়েছে এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তা প্রহরীদের তাদের ছবি দেখিয়ে অফিসে প্রবেশে বাধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সুজন জানায়, কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের উল্লেখ রয়েছে এবং পোস্ট না মুছলে সমস্যা হবে বলে সতর্ক করা হয়েছে। সংগঠনটি প্রশ্ন তোলে, কোনো সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর টিভি কর্তৃপক্ষ সেন্সরশিপ আরোপ করতে পারে কি না। তাদের মতে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে পরিচালিত হওয়া উচিত, মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ণ করা অযৌক্তিক।
সুজন এখন টিভির মালিক ও সম্পাদকদের কাছে পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার আহ্বান জানায় এবং তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের সংবাদকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার অনুরোধ জানায়।
সামাজিক মাধ্যমে মতামতের কারণে এখন টিভির সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপে উদ্বেগ সুজনের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।