২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানান।
দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। হুমায়ুন কবির বলেন, সময় বৃদ্ধির নোটিস শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বৈঠকে সকালে বিষয়টি চূড়ান্ত হয়।
হুমায়ুন কবির বলেন, প্রায় তিন লাখ শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছে। প্রথম ধাপে অনেকে আবেদন করেনি, কেউ কেউ নিশ্চয়ন করেনি এবং শেষ পর্যন্ত ভর্তি হয়নি। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বাইরে রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই সময় বাড়ানো হয়েছে। এ কারণে ফল প্রকাশও কিছুটা পিছিয়ে যেতে পারে।
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।