বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।
বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনার সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে নেওয়া কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ-ভারতের গভীর সামরিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও অভিন্ন নিরাপত্তা-স্বার্থে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজের প্রত্যয় জানায়।
বাংলাদেশ ও ভারত প্রতিরক্ষা প্রশিক্ষণ, নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।