বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সব প্রযুক্তিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে, তাই পাঠদান, গবেষণা ও জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কতটুকু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গ্রহণযোগ্য তা বিবেচনায় রাখতে হবে। প্রযুক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করেই শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব। শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
পাঠদান ও গবেষণায় দায়িত্বশীল এআই ব্যবহারের ওপর জোর দিলেন বাকৃবি উপাচার্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।