প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং তাঁর সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরকালে শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনশক্তি, ক্রমবর্ধমান বাজার ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরেন।
তারেক রহমান জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের সুযোগের কথা জানান। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠন এবং বাংলাদেশকে উৎপাদন, বিনিয়োগ ও সেবার বৈশ্বিকভাবে সংযুক্ত কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এ জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও বিধিবিধান সহজ করা, বিনিয়োগকারীর সুরক্ষা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা প্রত্যাবাসনের সুবিধা এবং অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথাও বলেন। বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার প্রশংসা করে তিনি ওয়াল স্ট্রিট প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা গড়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে তিনি জানান।
তারেক রহমান ওয়াল স্ট্রিট বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।