আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন পেশায় সফল হতে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইসিআরসি ও আইইউবি যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে।
মন্ত্রী বলেন, বিপদে পড়লে মানুষ আইনজীবীর কাছে আস্থা, বিশ্বাস, ভরসা, প্রত্যাশা ও স্বপ্ন সমর্পণ করেন। তাই মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে যথাযথ আইনি যুক্তি উপস্থাপন করা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন আইনজীবীর প্রধান কর্তব্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিনা মূল্যে আইনি সহায়তাকে তিনি পেশাগত ‘জাকাত’ হিসেবে উল্লেখ করেন। আদালতে নির্ভুল তথ্য ও শক্তিশালী যুক্তি উপস্থাপনে গবেষণা, অধ্যবসায় ও পেশাদারত্বের গুরুত্বও তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক মানবিক আইন যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের সময় প্রযোজ্য বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক বিরোধ, বাণিজ্য বন্ধ, ভিসা বিধিনিষেধ ও এআই নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ২৯টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি দল লিখিত আইনি যুক্তি ও গবেষণাপত্র জমা দিয়েছে; নির্বাচিত ১৬টি দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আইন পেশায় সততা, মানবিকতা ও গবেষণার গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।