বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। তিনি বলেন, সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা প্রশংসনীয়। সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ১৬ মে শুরু হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।
অনুষ্ঠানে সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিস্থিতি স্থিতিশীল, সেনারা ব্যারাকে ফিরছে বলে জানালেন সেনাপ্রধান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।