ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে সি লায়ন তেল প্রকল্পকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা আন্তর্জাতিক সালিশির হুমকি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, উত্তর ফকল্যান্ডস অববাহিকায় আর্জেন্টিনার সম্পদ অবৈধভাবে লুটের অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনজীবী দলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মিলেই বলেন, দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য এই সম্পদ আহরণ বন্ধ না করলে আর্জেন্টিনা সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাবে। সি লায়ন তেলক্ষেত্রটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। ইসরাইলি প্রতিষ্ঠান নাভিটাস ও ব্রিটিশ কোম্পানি রকহপার ক্ষেত্রটি উন্নয়ন করছে। তারা আর্জেন্টিনার হুমকি প্রত্যাখ্যান করে জানিয়েছে, যুক্তরাজ্যের দেওয়া বৈধ অনুসন্ধান লাইসেন্স তাদের রয়েছে।
আর্জেন্টিনার দাবি, প্রকল্পটি জাতিসংঘের একটি প্রস্তাব লঙ্ঘন করছে, যেখানে সার্বভৌমত্ব বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে বলা হয়েছে। ব্রিটিশ সরকার বলেছে, দ্বীপপুঞ্জের কাছে কার্যক্রম চালানো ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পাশে তারা আছে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও উন্নয়নের অধিকার এসব প্রতিষ্ঠানের রয়েছে। বুয়েনস আইরেস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে আসছে।
সি লায়ন তেল প্রকল্প নিয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের হুমকি আর্জেন্টিনার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।