স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দেশে আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে এখনো ১২ শতাংশ মানুষ আয়োডিনের ঘাটতিতে ভুগছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। মঙ্গলবার বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আয়োডিনের অভাবজনিত সমস্যা সমাধানে আয়োডিনযুক্ত লবণের শতভাগ ব্যবহার নিশ্চিত করা জরুরি। ক্ষুদ্র ও মাঝারি লবণ উৎপাদনকারীদের সহায়তা, উৎপাদনে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে বিসিকের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। মানসম্মত আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়াতে উৎপাদনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্বুদ্ধকরণের উদ্যোগ নিতে বিসিককে আহ্বান জানান তিনি।
বক্তারা জানান, বর্তমানে দেশের ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করে এবং এর ফলে দৃশ্যমান গলগণ্ড নির্মূল করা সম্ভব হয়েছে। ১৯৯০ সাল থেকে বিসিক নিবন্ধন, পটাশিয়াম আয়োডেট সরবরাহ, মান নিয়ন্ত্রণ, কারিগরি সহায়তা, মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ৯০ শতাংশ মানুষের আয়োডিনযুক্ত লবণ ব্যবহার প্রয়োজন; বাংলাদেশকে আরও ২ শতাংশ মানুষকে এই ব্যবহারের আওতায় আনতে হবে।
আয়োডিন ঘাটতি কমাতে আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।