যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার ২৫ বছর পূর্ণ হলো আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্ক ও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে প্রথম বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে এবং সকাল ৯টা ৩ মিনিটে দ্বিতীয়টি সাউথ টাওয়ারে আঘাত হানে। সকাল ৯টা ৩৭ মিনিটে তৃতীয় বিমান পেন্টাগনে আঘাত করে। যাত্রীদের প্রতিরোধের পর চতুর্থ বিমানটি সকাল ১০টা ৩ মিনিটে পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
হামলায় ১৯ ছিনতাইকারী বাদে মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭৭টি দেশের মানুষ ছিলেন এবং নিউইয়র্কে জরুরি সহায়তায় ছুটে যাওয়া ৪৪১ জনও মারা যান। হাজার হাজার মানুষ আহত হন; বিষাক্ত বর্জ্যের মধ্যে কাজ করতে গিয়ে অনেক দমকলকর্মী পরে অসুস্থ হয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের দাবি, আল-কায়দা আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করেছিল।
হামলার এক মাসের কম সময়ের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মিত্রজোট নিয়ে আফগানিস্তানে অভিযান চালান। এরপর বিশ্বজুড়ে বিমান ভ্রমণের নিরাপত্তা জোরদার হয়। যুক্তরাষ্ট্রে ট্রান্সপোর্টেশান সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশান গঠন করা হয়। হামলাস্থলে এখন জাদুঘর ও স্মৃতিসৌধ রয়েছে এবং ভবনগুলো ভিন্ন নকশায় পুনর্নির্মিত হয়েছে।
চার ছিনতাই হওয়া বিমানের হামলার ২৫ বছর পূর্ণ হলো আজ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।