সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ ঘোষণা দেন। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির জনবল কাঠামো ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। এতে সাইবার সিকিউরিটি, আর্থিক তথ্য, ক্রিপ্টো, ম্যালওয়্যার ও ডার্ক ওয়েব বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ থাকবে।
ঢাকায় সদর দপ্তর অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে বলে জানান মন্ত্রী। বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, জেলা পর্যায়ে পুলিশ সুপার এবং থানায় ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এএসআই ও অন্যান্য সদস্য দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে বিদ্যমান জনবল থেকে সদস্য নেওয়া হবে; পরে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ জনবল গঠন করা হবে।
মন্ত্রী বলেন, ইউনিটে আধুনিক সাইবার-সংশ্লিষ্ট সরঞ্জাম, ফরেনসিক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হবে। প্রয়োজনীয় বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ এবং ভিন্ন বেতন-ভাতার কাঠামোর ব্যবস্থা থাকবে। দক্ষ পুলিশ সদস্যদের যুক্ত করা ও নির্বাচিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার সিকিউরিটি আইন আধুনিকায়নের কাজও চলছে; অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা এবং নিরপরাধ ব্যক্তির হয়রানি ঠেকানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
৪ হাজার ৫৯২ জনবলের কাঠামোয় স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট চালু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।