অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় নতুন বসতি নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঢাকা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি জোরালো আহ্বান জানায়। বাংলাদেশ বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, বসতি নির্মাণ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ মনে করে, এসব কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা নষ্ট করছে এবং কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করছে। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করে এমন পদক্ষেপ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। ঢাকা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ বন্ধে ইসরাইলকে আহ্বান বাংলাদেশের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।