বাংলাদেশ সরকার দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, যাজক ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্পের আওতায় ৬ হাজার ৪৩৮টি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় এই কার্যক্রম শুরু হবে। রোববার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
পরিকল্পনা অনুযায়ী, ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। পুরোহিত, ভিক্ষু ও যাজকদের ক্ষেত্রেও অনুরূপ ভাতা নির্ধারণ করা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১ হাজার টাকা এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে ২ হাজার টাকা উৎসব ভাতা দেওয়া হবে। চলতি অর্থবছরে এ খাতে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয় হবে, যা ১৫ মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে।
সরকার আগামী চার অর্থবছরে ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছে, যার পূর্ণ বাস্তবায়নে বছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন হবে। স্থায়ী নীতিমালা প্রণয়নে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা ধর্মীয় সেবকদের দক্ষতা উন্নয়ন ও চাকরির নিরাপত্তা বিষয়ে সুপারিশ দেবে।
ইমাম ও ধর্মীয় সেবাকর্মীদের জন্য পাইলট সম্মানী কর্মসূচি চালু করল বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।