জার্মানির প্রায় ৫ হাজার ৭০০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বান। রেলস্টেশনে বিশৃঙ্খলা, আবর্জনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে স্টেশনকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং অপেক্ষার জন্য আরামদায়ক করাই এই উদ্যোগের উদ্দেশ্য। নতুন নিয়মে সব স্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে।
তবে স্টেশনের ভেতরে থাকা পাব, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে অ্যালকোহল বিক্রি ও পরিবেশন চালু থাকবে। অনেক ট্রেনে, বিশেষত দূরপাল্লার ট্রেনের খাবার পরিবেশনের স্থানে, বিয়ারসহ অন্যান্য পানীয় বিক্রিও আগের মতো চলবে। বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে যাতায়াত করা ফুটবল ভক্তদের ওপর নতুন নিয়মের প্রভাব পড়তে পারে।
নিষেধাজ্ঞার আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনসহ প্রায় ৪০টি স্টেশনে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু ছিল। ডয়চে বান জানিয়েছে, এতে পরিবেশ শান্ত হয়েছে এবং আবর্জনা কমেছে। তবে গৃহহীনদের সহায়তাকারী একটি সংগঠন উদ্বেগ জানিয়েছে যে, স্টেশন থেকে গৃহহীন মানুষ সরে গেলে সমাজকর্মীদের জন্য তাঁদের খুঁজে পাওয়া কঠিন হতে পারে।
জার্মানির প্রায় ৫ হাজার ৭০০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।