বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানো এবং শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিনও ছিলেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শিক্ষা সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি বৃত্তির সুযোগ নিশ্চিত করার বিষয়টিও আলোচিত হয়।
উভয় পক্ষ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা নিয়ে কথা বলে। স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো ও প্রযুক্তির স্থানীয় সমস্যা সমাধানভিত্তিক গবেষণায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। শিক্ষা মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও ফুলব্রাইট অ্যালামনাইদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়টিও উঠে আসে।
ফুলব্রাইট বৃত্তি বৃদ্ধি ও শিক্ষা সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।