মুসলিম ভোটারদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মুসলিম ভোটস ম্যাটার বা এমভিএম ভিক্টোরিয়ার ২৮ নভেম্বরের আসন্ন নির্বাচনে কৌশল পরিবর্তন করছে। গত বছরের ফেডারেল নির্বাচনে ফিলিস্তিন ইস্যুতে লেবার পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এবার কিছু আসনে ওয়ান নেশনকে সুবিধা ঠেকাতে লেবার প্রার্থীদের এগিয়ে রাখার পরিকল্পনা করেছে তারা। গ্রিনভেল, নারি ওয়ারেন সাউথ এবং টারনেইটে স্বেচ্ছাসেবী মোতায়েন করবে সংগঠনটি।
এমভিএমের জাতীয় মুখপাত্র গাইথ ক্রায়েম বলেন, পরিস্থিতি বদলেছে এবং আগের কৌশল অনুসরণ করলে ওয়ান নেশন লাভবান হতে পারে। তাঁর ভাষ্য, লেবারবিরোধী প্রচারণা জোরদার হলে কিছু আসনে লেবারের ভোট কমে ওয়ান নেশনের জয়ের সুযোগ তৈরি হতে পারে। লিবারেল-কোয়ালিশন সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে ওয়ান নেশনের সঙ্গে সমঝোতার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তবে এমভিএম কোনো আসনেই স্বয়ংক্রিয়ভাবে লেবারকে ভোটের তালিকায় প্রথমে রাখবে না। প্রার্থীদের নীতি ও অবস্থান বিবেচনায় পৃথক নির্দেশনামূলক কার্ড তৈরি হবে, যেখানে স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীরাও অগ্রাধিকার পেতে পারেন। ইসলামবিদ্বেষ মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন নিরাপত্তা এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলার অধিকার সুরক্ষা সংগঠনটির অগ্রাধিকার। ফিলিস্তিন, গাজা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভের অধিকার নিয়ে লেবারের প্রতি অসন্তোষ বহাল রয়েছে।
ওয়ান নেশনের প্রভাব ঠেকাতে ভিক্টোরিয়া নির্বাচনে কৌশল বদলাচ্ছে এমভিএম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।