ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. শহিদ ও মো. হাছনাইন অভিযোগ করেছেন, তাদের আবেদন ছাড়াই ভোটার এলাকা জাহানপুর ইউনিয়নে স্থানান্তর করা হয়েছে। রোববার সকালে তারা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগকারীরা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজেদের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। পরে ভোটার তালিকা যাচাই করে জানতে পারেন, তাদের ভোটার এলাকা হাজারীগঞ্জ থেকে জাহানপুরে সরানো হয়েছে। মেম্বার পদে তাদের প্রার্থিতা বাধাগ্রস্ত করতে অর্থের বিনিময়ে এটি করা হয়েছে বলে তাদের অভিযোগ। তারা উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে সাদ্দাম বকশী ও ডেটা এন্ট্রি অপারেটরদের বিষয়ে তদন্ত চেয়েছেন।
সাদ্দাম বকশী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভোটার স্থানান্তরের আবেদন জমা রাখেন না এবং ওই কাজও করেন না। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিক রহমান জানান, ভোটার এলাকা দ্রুত আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগ দুটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। কার্যালয়ের কেউ দোষী প্রমাণিত হলে বিভাগীয় ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
চরফ্যাশনে দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।