জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকেলে দলটির জেলা শাখার উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া।
সমাবেশে সদর উপজেলা আমির মাহফুজ ভূঁইয়া, শিবপুর উপজেলা আমির মোস্তাফিজুর রহমান কাউসার, পলাশ উপজেলা আমির আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম এবং মাধবদী আমির আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন রায়পুরা পশ্চিমের আমির আদিল ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার ও ছাত্রশিবিরের জেলা সভাপতি তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, তা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। তারা সাভার, সিলেট ও হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের কার্যকর অবস্থান না নেওয়ার অভিযোগ করেন। হবিগঞ্জে এক এনসিপি কর্মীর ওপর হামলার দোষীদের বিচারের দাবিও জানান তারা। আগামী ৫ আগস্টের মধ্যে সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।