সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জনে সীমাবদ্ধ না থেকে দক্ষতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের বিকশিত হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধি উল্লেখ করে তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাঁর মতে, শিক্ষা নাগরিকের মৌলিক মানবাধিকার এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তিগুলোর একটি। শিক্ষা কেবল সনদ অর্জনের জন্য নয়; বাস্তব জীবনের সক্ষমতা, সামাজিক অগ্রগতি ও কর্মসংস্থানের প্রস্তুতি তৈরির জন্যও হওয়া প্রয়োজন।
হাবিব বলেন, সরকার সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কুল ফিডিং, শিক্ষাবৃত্তি এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
জিপিএ-৫-এর বাইরে দক্ষতা, নৈতিকতা ও কর্মমুখী শিক্ষার আহ্বান এমপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।