তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক আর কে নয় তা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। তিনি দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান, যাতে সিদ্ধান্তগুলো সর্বজনগ্রাহ্য হয়। মন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
তিনি উল্লেখ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি মন্ত্রণালয়, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক বিষয়ের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।