দীর্ঘদিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান এবং গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়। রাষ্ট্রপতি গত ২২ সেপ্টেম্বর সিদ্ধান্ত দুটির অনুমোদন দেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেহেদী হাসানের বরখাস্ত ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এবং রহমত উল্লাহর বরখাস্ত ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর। মেহেদী হাসান সাময়িক বরখাস্ত অবস্থায় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ঠিকানা ও ই-মেইলে কর্মস্থলে যোগদানের নোটিশ পাঠানো হলেও তিনি হাজির হননি। ২৯ এপ্রিল দাখিল করা তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত বলে উল্লেখ করা হয়।
রহমত উল্লাহ চিকিৎসকের পরামর্শে দুই মাস বিশ্রামের পর ১১ এপ্রিল কাজে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেননি। একাধিক নোটিশের পরও তিনি কর্মস্থলে ফেরেননি। ১২ মার্চের তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। দুই কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। সরকারি কর্ম কমিশন ২৪ আগস্ট বরখাস্তের পক্ষে মত দেয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সাবেক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।