লেবাননে যুদ্ধবিরতির দিনেই ২৫৪ জন নিহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগ আনেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সানচেজ বলেন, নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হামলা চালিয়েছেন, যাতে ২০০ জনের বেশি নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছেন।
সানচেজ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, তারা যেন ইসরাইলের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানায় এবং ইইউ যেন ইসরাইলের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করে। তিনি জোর দিয়ে বলেন, এই অপরাধমূলক কাজের জন্য কোনো দায়মুক্তি দেওয়া যাবে না। ২০০০ সালে স্বাক্ষরিত ইইউ-ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি দুই পক্ষের মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ ও অর্থনৈতিক সহযোগিতার আইনি ভিত্তি হিসেবে কাজ করে।
স্পেনের এই আহ্বান ইইউর ওপর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার চাপ বাড়াতে পারে, বিশেষ করে বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে।
লেবাননে ২৫৪ নিহতের পর ইইউকে ইসরাইল চুক্তি স্থগিতের আহ্বান স্পেনের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।