চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল বা সিসিটি ইজারার উদ্যোগ বাতিলের দাবিতে ৫ অক্টোবর বন্দর প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা কমিটি। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু এ কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, ওই সময়ের মধ্যে সরকার এনসিটি ও সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি থেকে বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কমিটির দাবি, ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি বলেছে, তারা বিদেশি বিনিয়োগ বা আধুনিক প্রযুক্তির বিরোধী নয়; তবে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, রাজস্ব, কর্মসংস্থান, শ্রমিক-কর্মচারীদের অধিকার ও ভবিষ্যৎ নীতিগত স্বাধীনতা সুরক্ষা জরুরি। তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সুবিধার পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশের দাবি জানিয়েছে। পাশাপাশি শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আন্দোলনরত শ্রমিকদের প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও তোলা হয়েছে।
এনসিটি ও সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর বন্দর ফটকে অবস্থান কর্মসূচি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।