বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকটি হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, এটাচে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।
জামায়াতের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তারা আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান করতে একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করে। জামায়াতের নেতারা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিস্থিতি তৈরিতে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে জামায়াতসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে তার ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। বৈঠকে জামায়াতের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সাক্ষাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।