শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের প্রচার না করে নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর আইসিএবি মিলনায়তনে সংগঠনের মজলিসে আমেলার মাসিক বৈঠকে ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
মুনতাছির আহমাদ বলেন, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ভুলক্রমে ‘ট্রান্সজেন্ডার’ বলা হয়েছে—শিক্ষামন্ত্রীর এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, বাংলাদেশের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতি যথাযথ শ্রদ্ধা না দেখিয়ে দেওয়া বক্তব্য শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে নতুন উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি করেছে।
তিনি বলেন, শিক্ষা জ্ঞান, নৈতিকতা, চরিত্র ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান অবলম্বন এবং আধুনিকায়ন বলতে জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির উৎকর্ষ বোঝায়। তিনি মানসম্মত পাঠদান, নৈতিক অবক্ষয় রোধ, কর্মমুখী শিক্ষা, গবেষণার পরিবেশ, নিরাপত্তা ও বেকারত্বকে শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ সংকট হিসেবে উল্লেখ করেন। ট্রান্সজেন্ডার ইস্যুর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধ সুরক্ষার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।