বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শুক্রবার বিকেলে কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) নামে এক নারী নিজের নয় মাসের শিশুপুত্রকে পানিতে চুবিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় স্বর্ণালীর মরদেহ ও মেঝে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী, যিনি বর্তমানে যশোর কারাগারে বিভিন্ন মামলায় বন্দি।
নিহতের ভাই শুভ জানান, স্বামী দীর্ঘদিন কারাগারে থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশা থেকেই এই ঘটনা ঘটান। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে সাদ্দাম গ্রেপ্তার হন এবং স্বর্ণালী তার মুক্তির জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন। নিহতের বাবা জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার জানান, তারা কাউকে দোষ দিতে চান না এবং ময়নাতদন্তের আগে লাশ নেওয়ার আবেদন করেছেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং আইনগত প্রক্রিয়া চলছে।
যশোরে স্বামীর বন্দিত্বে হতাশায় বাগেরহাটে স্ত্রী শিশুসন্তানকে হত্যা করে আত্মহত্যা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।