এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালে জ্বালানিসংকটের সমাধান হবে না; উৎপাদন, সঞ্চালন ও বিতরণের প্রতিটি ধাপে দক্ষতা বাড়াতে হবে।
উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ এবং উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কথাও তিনি বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আয়োজকদের তথ্যমতে, ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক সম্প্রসারণের ঝুঁকি, অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা এবং কার্বন নিঃসরণ হ্রাস নিয়ে আলোচনা হবে।
এলএনজি ভর্তুকিতে আর্থিক চাপের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।