নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি’র সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়মের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম ও তার স্বামী জুয়েল মিয়া রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার বড় চালান এনে স্বামীর সঙ্গে এলাকায় বিক্রি করতেন। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
ঘটনার পর ডিএনসি পরিদর্শক আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদক আইনে মামলা করেন। পরে মরিয়মকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নেত্রকোনায় ৭ হাজার ইয়াবাসহ নারী আটক, মূল্য প্রায় ২৮ লাখ টাকা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।