ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, এই বরাদ্দের আওতায় ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ধর্মীয় প্রধানদের সম্মানী প্রকল্পের পাইলটিং পর্যায়ে মোট ১৩ হাজার ৯৪৯ জনকে ভাতা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছিলেন ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন, ৩ হাজার ৭৮৪ জন খাদেম, ৫৮৬ জন পুরোহিত, ৪২২ জন সেবাইত, ৯৫ জন বৌদ্ধ অধ্যক্ষ এবং ৬৭ জন উপাধ্যক্ষ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও চরিত্রকে সবার জন্য শাশ্বত আলোকবর্তিকা উল্লেখ করে তিনি তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৪১ জন হাজির অনুকূলে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, ২০২৩ সালের ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা বিমানভাড়া এ বছর ১ লাখ ৩০ হাজার টাকায় নামানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী নাজমুন আক্তারকে ৫০ হাজার টাকা এবং অন্য ১১ বিজয়ী শিক্ষার্থীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী সম্প্রসারণে ১১০০ কোটি টাকা বরাদ্দ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।