৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বাদ পড়েছে। বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে এবি পার্টি।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসির সুপারিশ পাওয়ার পরও নিয়োগ আটকে যাওয়া বেদনাদায়ক। তাদের মতে, একটি চাকরি শুধু একজন তরুণের কর্মসংস্থান নয়; এটি একটি পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গেও জড়িত। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ ও মানবিকতা নিশ্চিত করা উচিত বলে তারা দাবি করেন।
নেতৃদ্বয় বলেন, কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী বা আইনত নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত না থাকলে রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা পরিবারের কারও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে চাকরি আটকে দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা ৫৭ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং অস্বচ্ছ ও হয়রানিমূলক ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে চাকরিপ্রত্যাশীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ জন বাদ পড়ায় স্বচ্ছতার দাবি এবি পার্টির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।