স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সমাজে পরিচ্ছন্নতাকর্মীরা যেন মাথা উঁচু করে বসবাস করতে ও সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করছে। সোমবার বিকালে দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দয়াগঞ্জে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিবারকে প্রতিটিতে ২ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মোহা. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে। দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনার কথাও তিনি বলেন। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া সরকার বিনা খরচে চিকিৎসা এবং কোনো কর্মীর মৃত্যুতে এককালীন চার লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে বলেও উল্লেখ করেন।
ঢাকার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সহায়তা, আবাসন পরিকল্পনা ও কল্যাণের প্রতিশ্রুতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।