ইরাকের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে দেশটির কর্তৃপক্ষ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার উদ্ধার করেছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি। এর মধ্যে নতুন করে জব্দ করা হয়েছে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ইরাকি দিনার, যার মূল্য প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগে আরও ৭৮০ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছিল। আল-আবুদি এই অভিযানকে নজিরবিহীন বলেছেন।
তার ভাষ্য অনুযায়ী, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের মাধ্যমে অভিযানের ফলাফল স্পষ্ট হচ্ছে। দোষীদের মধ্যে রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন। সাম্প্রতিক এ দুর্নীতিবিরোধী অভিযান মূলত বাগদাদের কাছের জুরফ আল-সাখার এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, যা ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
ইরাকি সংবাদ সংস্থাকে আল-আবুদি বলেন, উদ্ধার করা অর্থ ২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটের অধীনে একটি তহবিলে জমা রাখা হবে। তহবিলটি ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তেলের রাজস্ব ও রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করার সহায়তায় ব্যবহারের কথা বলা হয়েছে। ওই এলাকায় তেল চোরাচালান চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিভাগের পরিচালকের বিরুদ্ধে। কাতায়েব হিজবুল্লাহ আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে সরকারকে মিথ্যা অভিযোগ তৈরির অভিযোগ করেছে।
ইরাকের দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।