বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ঘোষণা দেয়। ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের এক বছর পর এই প্রক্রিয়া শেষ হলো। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর যৌথভাবে সিদ্ধান্তটি ঘোষণা করে।
এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ডব্লিউএইচও তাদের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করেছে। ট্রাম্প প্রশাসনের প্রধান সমালোচনা ছিল কভিড-১৯ মহামারির সময় ডব্লিউএইচওর ভূমিকা নিয়ে। তাদের অভিযোগ, সংস্থাটি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করেছে এবং ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।
এইচএইচএস আরও জানায়, চীনের মতো কিছু দেশ ডব্লিউএইচওতে যুক্তরাষ্ট্রের তুলনায় কম অর্থনৈতিক অবদান রাখলেও কখনো কোনো মার্কিন নাগরিক মহাপরিচালক হননি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের স্বাস্থ্য সংকট মোকাবিলায় পিছিয়ে পড়বে।
ট্রাম্পের নির্বাহী আদেশে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান সম্পন্ন