টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। এ কার্যক্রম ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে শেষ করতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা গত ১৫ সেপ্টেম্বর জরুরি এ নির্দেশনা জারি করে, যা বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে দেওয়া হয়েছে।
দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠিটি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন স্থাপনায় সৌরবিদ্যুৎ বসাতে হবে। এর মধ্যে জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজার ও অন্যান্য ভবন রয়েছে। প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
এই প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে। স্থাপনার নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিতে হবে। নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে, যা জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি করবে।
জেলা পরিষদের স্থাপনায় ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।