জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ঢাকা বিভাগের মূল্য সংযোজন করের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ব্যাটারি উৎপাদনকারী জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রায় ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের তথ্যের ভিত্তিতে বিষয়টি শনাক্ত করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির কারখানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত।
এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝু ইন্ডাস্ট্রিতে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল, নথিপত্র ও হিসাবসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। পরে এসব জব্দ নথি বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকির বিষয়টি পাওয়া যায়।
এনবিআর বলেছে, সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন রেখে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জিউঝু বিভিন্ন ধরনের ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করে; এর মধ্যে আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেম ও মোটরচালিত যানের ব্যাটারি রয়েছে।
জিউঝু ইন্ডাস্ট্রির প্রায় ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ এনবিআরের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।