যুক্তরাষ্ট্র নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ইরান। ৯ আগস্ট ২০২৬ সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর এই অবস্থান তুলে ধরেন। প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে যুদ্ধ বা আলোচনা—কোনো ক্ষেত্রেই ইরান নিজের অবস্থান থেকে সরে যাবে না বলে মন্তব্য করেন।
হরমুজ প্রণালি খোলার জন্য ইরান যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটি শর্ত উল্লেখ করেছে। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে হুমকি ও জনগণের পবিত্র মূল্যবোধের অবমাননা বন্ধ করতে হবে। ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তেহরানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
ইরানের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সামুদ্রিক অবরোধ প্রত্যাহার, আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনীসহ সামরিক উপস্থিতি সরানো, অতীতের দুই দফা আগ্রাসন ও চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ বা আটকে রাখা ইরানি সম্পদ নিঃশর্তে ফেরত দেওয়া। জুলকাদর বলেন, গত ১৬০ দিন ধরে সাধারণ মানুষ এসব দাবি জানিয়ে আসছে এবং নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আপস করবে না।
যুক্তরাষ্ট্রের নীতি ও আচরণ না বদলালে হরমুজ প্রণালি বন্ধ রাখার কথা বলেছে ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।