নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পরই ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগকে কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া, শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়া এবং বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাশীল থাকা জরুরি।
তিনি ওসমান হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবিও জানান। নাহিদ ইসলাম মন্তব্য করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন ভারত সরকারের মদত ছাড়া সম্ভব ছিল না। তিনি বলেন, এ বছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা, সীমান্তে পুশইন বন্ধ ও সীমান্ত হত্যা চিরতরে বন্ধের শর্তে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক সম্ভব।
শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করার সময় তারেক রহমান আবার সেখানে গেলে তা বাংলাদেশের জন্য অবমাননাকর বার্তা দেবে বলেও মন্তব্য করেন নাহিদ। সংবাদ সম্মেলনে তিনি সরকারের ১৮০ দিনের বিভিন্ন ব্যর্থতা নিয়ে লিখিত বক্তব্য পড়েন। এতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের হয়রানি, বিরোধীদের ওপর দমন-পীড়ন, সাংবাদিকদের হয়রানি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে ধরা হয়।
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নে শর্ত দিলেন নাহিদ ইসলাম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।