দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় শুরু হবে এই বিশেষ কর্মসূচি। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকার আওতায় আনা হবে। শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।
মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ মোট ১৮টি জেলার যেসব উপজেলায় হামের প্রকোপ বেশি, সেগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এই কার্যক্রমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেওয়া হবে, তবে কেবল অসুস্থ শিশুরাই এটি পাবে। মন্ত্রী অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, যারা আগে হাম টিকা নিয়েছে তারাও অংশ নিতে পারবে এবং একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
১৮ জেলায় ৫ বছরের নিচের শিশুদের হাম টিকা দেবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।