ইসরাইলে সরকার গঠন নিয়ে গাদি আইজেনকোটকে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট এবং তাঁর মেয়াদ শেষে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক চ্যানেলে প্রস্তাবটি ইতোমধ্যে আইজেনকোটের কাছে পৌঁছানো হয়েছে। আইজেনকোটের সরকার গঠনের ম্যান্ডেটের মেয়াদ শেষ হবে ৬ ডিসেম্বর।
অনানুষ্ঠানিক পথে যোগাযোগ করায় লিকুদ পার্টি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করতে পারবে। তবে এ ধরনের সমঝোতার শর্ত নিয়ে লিকুদের ভেতরেও মতবিভেদ রয়েছে। নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকোট এখনো যথেষ্ট সন্দিহান। শুক্রবার ইসরাইল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান বলেন, নতুন সরকার গঠনের উদ্যোগ ভেস্তে দিতে নেতানিয়াহু আইজেনকোটকে পালাক্রমে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দিতে পারেন।
এক্সে দেওয়া পোস্টে লিবারম্যান দাবি করেন, নেতানিয়াহু নতুন নির্বাচন চান এবং ঐক্য সরকার নিয়ে আলোচনা শেষ মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে তা ভেঙে দেওয়ার অজুহাত খুঁজতে পারেন। তাঁর মতে, ঐক্য সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোট ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান ও লিবারম্যানকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের অনুমোদন ছাড়া তিনি নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করবেন না।
আইজেনকোটকে পালাক্রমে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ভাবছেন নেতানিয়াহু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।