গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে দুর্বৃত্তরা কৃষক ও মুদী ব্যবসায়ী রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা। স্থানীয়রা জানান, গোয়ালঘর ফাঁকা করে দিয়ে রফিকুল ইসলামকে সর্বস্বান্ত করেছে চোরচক্র।
রফিকুল ইসলাম জানান, রাত প্রায় ১টার দিকে তিনি গরুগুলো পরীক্ষা করে দেখেন সব স্বাভাবিক ছিল। কিন্তু ভোরে ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজাটি বাইরে থেকে বন্ধ। পরে ভাতিজা শামীমকে ডেকে দরজা খুলে বাইরে এসে দেখেন, গোয়ালঘরের সব গরু চুরি হয়ে গেছে। তার ধারণা, চোরেরা কৌশলে বাইরে থেকে দরজা বন্ধ করে তাকে ঘরে আটকে রেখে গরুগুলো নিয়ে গেছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রফিকুল ইসলাম জানান, তিনি শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
গাজীপুরে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি, চোর ধরার দাবি এলাকাবাসীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।