রাশিয়ার সম্ভাব্য সামরিক উসকানি ও নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে ১০ লাখ স্থলমাইন সংগ্রহের পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এ জন্য দেশটি ১০ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার ব্যয়ের কথা ভাবছে। পদাতিকবিরোধী স্থলমাইন নিষিদ্ধসংক্রান্ত আন্তর্জাতিক মানবিক চুক্তি অটোয়া কনভেনশন থেকে সরে আসার পর এ উদ্যোগ নেওয়া হলো। ফিনল্যান্ডের সেনা কমান্ডের কর্নেল রিকু মিক্কোনেন জানান, কর্মকর্তারা সম্ভাব্য সরবরাহকারীদের কাছ থেকে তথ্য নিচ্ছেন।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা বলে ফিনল্যান্ড গত বছর অটোয়া কনভেনশন থেকে সরে আসে এবং চলতি বছরের জানুয়ারিতে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে একই চুক্তি ছেড়েছে। ফিনল্যান্ড ২০১২ সালে চুক্তিটিতে যোগ দিয়েছিল এবং এর আওতায় ১০ লাখের বেশি স্থলমাইন ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ ২০২৭ সালের শেষ নাগাদ কেনার চুক্তি সই এবং ২০২৮ সালের মধ্যে উৎপাদন শুরু করতে চায়। তাদের লক্ষ্য, দেশীয় উৎপাদকেরাই মাইন সরবরাহ করবে। মিক্কোনেন বলেন, প্রায় ছয়টি ফিনিশ প্রতিষ্ঠান পদাতিকবিরোধী মাইন উৎপাদনে সক্ষম। তবে বিদেশ থেকে কেনার সম্ভাবনাও পুরোপুরি বাদ দেওয়া হয়নি। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার।
অটোয়া কনভেনশন ছাড়ার পর ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা ফিনল্যান্ডের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।