তুরস্ক ইস্তানবুলে শুরু হওয়া আন্তর্জাতিক সাহা এক্সপোর প্রথম দিনেই তাদের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’ উন্মোচন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করে। ক্ষেপণাস্ত্রটির গায়ে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক খোদাই করা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানান, এটি তুরস্কের প্রথম তরল জ্বালানিচালিত ও হাইপারসনিক বৈশিষ্ট্যসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং দেশটির তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার অস্ত্র।
প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী, ইয়িলদিরিমহানের সর্বোচ্চ পাল্লা ছয় হাজার কিলোমিটার, এতে চারটি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে ২৫ গুণ দ্রুত চলতে পারে। এতে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড জ্বালানি ব্যবহার করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে, যার ধারাবাহিকতায় গত বছর টাইফুন ব্লক ফোর ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।
তুরস্ক দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানিতে নিষেধাজ্ঞাসংক্রান্ত একাধিক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। বিশেষজ্ঞদের মতে, অনেক দেশ নিষেধাজ্ঞা এড়াতে ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা কম দেখিয়ে থাকে।
ইস্তানবুলে তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়িলদিরিমহান উন্মোচন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।