হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সোমবার অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ফরিদ আহমদ গ্রেপ্তারের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ইউপি যুবদলের সহসভাপতি মিজানুর রহমান কপিল। জামিনে মুক্তি পাওয়ার পর ফরিদ আহমদ পুনরায় দায়িত্ব নিতে চাইলে কপিল আপত্তি জানান। এই বিরোধের জেরেই সোমবার সরকারি মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নোয়াগাঁও, কদুপুর ও হলদারপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষে আহত ৫০ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।